বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আগামী ডিসেম্বরে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
এনটিআরসিএ সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এই কার্যক্রম শেষ হওয়ার কথা। এরপর শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এবারের নিয়োগ পরীক্ষায় থাকছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রচলিত নিবন্ধন পরীক্ষার পরিবর্তে সরাসরি শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া হবে। এ কারণে পরীক্ষাটির নামকরণ করা হয়েছে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নয়।
এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এবার নতুন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে।