দেশে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, কথিত অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিশনের নেতৃত্বে রয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম।
২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে হামের টিকা সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে কী ধরনের সমস্যা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখবে কমিশন। একই সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলা ছিল কি না এবং এর ফলে জনস্বাস্থ্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণ করা হবে।
তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের তলব, জিজ্ঞাসাবাদ এবং দেশের বিভিন্ন স্থান পরিদর্শনের ক্ষমতা থাকবে কমিশনের। প্রজ্ঞাপন জারির দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে টিকা সংগ্রহ ও বিতরণে এ ধরনের জটিলতা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিশন।
তবে তদন্ত শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অনিয়ম বা দায়িত্বে অবহেলার অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।