মঙ্গল গ্রহের আদি ইতিহাস নিয়ে নতুন রহস্য উন্মোচন করেছে পৃথিবীতে পাওয়া একটি প্রাচীন উল্কা। ‘তেঘাজা ০০১’ নামের এই শিলার বয়স অন্তত ৪১০ কোটি বছর। বিজ্ঞানীদের বিশ্লেষণে এতে প্রাচীন মঙ্গল গ্রহের ভূত্বকের সঙ্গে পানির মিথস্ক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে।
২০২২ সালে পশ্চিম আফ্রিকার মালির একটি লবণ সমভূমিতে উল্কাটি আবিষ্কৃত হয়। আটটি খণ্ডে বিভক্ত শিলাটির মোট ওজন প্রায় ৭৯৮.৫ গ্রাম। গবেষকদের ধারণা, মঙ্গলে গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে এটি মহাকাশে ছিটকে বেরিয়ে আসে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছায়।
শিলাটির মধ্যে থাকা জিরকন স্ফটিক বিশ্লেষণ করে এর প্রাচীন বয়স নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞানীরা বিশেষ লেজার প্রযুক্তি ব্যবহার করে নমুনার ক্ষুদ্র অংশ পরীক্ষা করেছেন। এতে প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় এক মাসের পরিবর্তে মাত্র এক দিনে বয়স নির্ণয়ের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
গবেষকদের মতে, এই আবিষ্কার মঙ্গলের প্রাথমিক ভূতাত্ত্বিক পরিবেশ এবং একসময় সেখানে পানির উপস্থিতি সম্পর্কে নতুন ধারণা দেবে। একই সঙ্গে পৃথিবী ও মঙ্গল গ্রহের বিবর্তন এবং একটি গ্রহ কীভাবে বসবাসের উপযোগিতা হারায়, তা বুঝতেও সহায়তা করবে।
বিজ্ঞানীরা এখন মঙ্গলের দক্ষিণাঞ্চলের ১৩টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছেন, যেখান থেকে উল্কাটির উৎপত্তি হতে পারে। গবেষণার ফলাফল বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে।