ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। শনিবার (৭ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে মনোনীত করার সিদ্ধান্ত জানান। রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের ম্যান্ডেট তুলে দেওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং আইজেনকোটের বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। আরব নেতৃত্বাধীন দুটি দল সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই অর্জন করতে পারেনি। প্রেসিডেন্টের সঙ্গে দলগুলোর আলোচনায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে এবং ৪৬ জন নেতানিয়াহুকে সমর্থনের সুপারিশ করেন।
ম্যান্ডেট পাওয়ার পর আইজেনকোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। তবে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য দূর করে অন্তত ৬১ সদস্যের সমর্থন নিশ্চিত করা।
আইজেনকোটের প্রচেষ্টা ব্যর্থ হলে ইসরায়েলের আইন অনুযায়ী পরবর্তী কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে। ততদিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী সরকারই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে।