প্রকাশিত
এইচএসসি ও সমমানের ফলাফলে
সন্তুষ্ট হতে পারেননি বিপুলসংখ্যক
শিক্ষার্থী। প্রত্যাশিত নম্বর না পাওয়ায় এবার
১১টি শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের আবেদন
করেছেন ২ লাখ ৯১
হাজার ২০৯ জন পরীক্ষার্থী।
তাঁদের আবেদনের আওতায় রয়েছে মোট ১০ লাখ
৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।
বিষয়ভিত্তিক
আবেদনের হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে
সবচেয়ে বেশি সাড়া পাওয়া
গেছে। এই বোর্ডে জমা
পড়েছে ৩ লাখ ৩৫
হাজার ৮৭৯টি আবেদন। ইংরেজি ও আইসিটি বিষয়ে
শিক্ষার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে
প্রতিটিতে ৪২ হাজার ২টি
এবং আইসিটিতে ৩৮ হাজার ৭৫টি
আবেদন জমা হয়েছে।
বিজ্ঞান
বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রসায়ন ও জীববিজ্ঞান নিয়েও
পুনর্নিরীক্ষণের আগ্রহ বেশি। রসায়নের প্রতিটি পত্রে ১৮ হাজার ৪৮২টি
এবং জীববিজ্ঞানের প্রতিটি পত্রে ১৫ হাজার ৭৫৭টি
আবেদন এসেছে। বাংলার দুই পত্রেও প্রতিটিতে
২৪ হাজার ৮৫৮টি আবেদন জমা পড়েছে।
ব্যবসায়
শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞান এবং মানবিক বিভাগে
পৌরনীতি ও সুশাসনসহ কয়েকটি
বিষয়ে শিক্ষার্থীরা নতুন করে মূল্যায়নের
আবেদন করেছেন।
আন্তশিক্ষা
বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন,
ইংরেজি ও আইসিটিতে তুলনামূলক
কম পাসের পেছনে মূল্যায়ন পদ্ধতির পাশাপাশি শিক্ষকস্বল্পতার বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে
পর্যাপ্ত আইসিটি শিক্ষক না থাকায় পাঠদানে
সমস্যা তৈরি হচ্ছে।
উল্লেখ্য,
গত ৩১ অক্টোবর প্রকাশিত
ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে
পাসের হার ছিল ৫২
দশমিক ১২ শতাংশ। ১২
লাখ ৪০ হাজার ৭৯৮
জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬
হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০
হাজার ৮৪ জন।
শিক্ষার্থীদের
অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের
ফল প্রকাশের কথা রয়েছে। খাতা
মূল্যায়নে কোনো অনিয়ম বা
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের
বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে
বোর্ড কর্তৃপক্ষ।