ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের অবসান শিগগিরই হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার পথে অগ্রগতি হচ্ছে। তাঁর ধারণা, খুব শিগগিরই এই সংঘাতের অবসান ঘটতে পারে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত সামরিক পরিস্থিতি আগের অবস্থায় রাখছে। তিনি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন।
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাতারের প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সমঝোতার পথ খুঁজে বের করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এদিকে সংঘাত শেষ হওয়ার ইঙ্গিত দিলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অবস্থান জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। পাশাপাশি ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর মাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্যিক সরবরাহ সীমিত করার কার্যক্রমও চলবে।
প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, আপাতত নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না, তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন বাহিনী যেকোনো সময় ব্যবস্থা নিতে সক্ষম।
ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য ইরানের সামরিক হুমকি অনেকটাই কমে গেছে। তবে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে তাঁর আশাবাদ সত্ত্বেও কূটনৈতিক আলোচনা ও সামরিক অবরোধের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যায়, তা এখনো স্পষ্ট নয়।