কুখ্যাত ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরিচাঁদ জাট ওরফে হ্যারি বক্সার যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) তাকে আটক করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
রাজস্থান পুলিশের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ও ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের সহযোগিতায় তাকে আটকের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
পুলিশের অভিযোগ, হ্যারি বক্সার বিভিন্ন রাজ্যে চাঁদাবাজি, গুলিবর্ষণ ও সংঘবদ্ধ অপরাধে জড়িত ছিলেন। লরেন্স বিষ্ণোই ও রোহিত গোদারা গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল। তার বিরুদ্ধে ভারতে ২২টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।