দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একই পরিমাণ কমানো হয়েছিল। ফলে পাঁচ দিনের ব্যবধানে দুই দফায় প্রতি ভরিতে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বুধবার সকালে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
উল্লেখ্য, এর আগে ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী সময়ে দুই দফায় দাম কমানোর ফলে বাজারে স্বর্ণের মূল্য আবারও নিম্নমুখী হয়েছে।