বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাপান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে এসব বাজার থেকে রপ্তানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।
রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তুরস্কের বাজার। দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে জাপানে রপ্তানি হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক, যা অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় রপ্তানি বেড়েছে ৩ দশমিক ০১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ। তবে ভারতের বাজারে রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ।
সংশ্লিষ্টদের মতে, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের পোশাকশিল্পের জন্য ইতিবাচক। এতে প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।