কুড়িগ্রামে মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝোড়ো বৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। রাত আনুমানিক ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে কয়েক মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে কিছু জমির ধানগাছ হেলে পড়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান পাকতে শুরু করেছে, সেসব জমিতে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকদের আশঙ্কা, ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে ফলন কমে যেতে পারে। অনেক কৃষক বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছেন। শেষ সময়ে ফসল নষ্ট হলে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
কৃষি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতের বৃষ্টি ও শিলাবৃষ্টিতে প্রায় সাড়ে চার হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। তবে পাকা ধানের উল্লেখযোগ্য ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে, রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাতে জেলায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে ফসলের ক্ষতি এড়াতে সতর্ক রয়েছেন কৃষকেরা। এখন দ্রুত ধান কাটা ও নিরাপদে ঘরে তোলার দিকেই নজর দিচ্ছেন তাঁরা।