ইরান ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে। আর্জেন্টিনা ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পর এবার পাল্টা অবস্থান নিয়েছে তেহরান। দেশটি আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ২০১৯ সালের একটি আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি কোনো রাষ্ট্র ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিলে তার জবাবে একই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে ওই আইনে উল্লেখ আছে। তেহরানের বক্তব্য, এ সিদ্ধান্তের পরবর্তী পরিস্থিতির দায় আর্জেন্টিনা সরকারকেই নিতে হবে।
দুই দেশের বিরোধের পেছনে রয়েছে কয়েক দশক আগের একটি রক্তক্ষয়ী ঘটনা। ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি সম্প্রদায়ের একটি কেন্দ্র আমিয়া ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ৮৫ জন প্রাণ হারান এবং কয়েকশ মানুষ আহত হন। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এ হামলার সঙ্গে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে। ইরান অবশ্য অভিযোগটি প্রত্যাখ্যান করে আসছে।
এই পুরোনো বিরোধের ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে। ওই সিদ্ধান্তের পর ইরানের সর্বশেষ পদক্ষেপকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক ও কূটনৈতিক চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার মতো সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। তবে এর বাস্তব প্রভাব কী হবে, তা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ এবং দুই সরকারের প্রতিক্রিয়ার ওপর।