মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে।
আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ জানান, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার, আটকে রাখা অর্থ ফেরত এবং সামরিক অভিযান বন্ধের দাবি রয়েছে।
তবে আলোচনার ক্ষেত্রে ওয়াশিংটনের প্রতি আস্থার ঘাটতিকে বড় বাধা হিসেবে দেখছে তেহরান। ইরানের অবস্থান, বিদ্যমান সমঝোতা বাস্তবায়ন না হলে নতুন কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে।