২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকাশিত ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স, প্রয়োজনীয় কাগজপত্র এবং শ্রেণিপ্রতি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৬ বছর এবং ৭ বছরের নিচে থাকতে হবে। সে হিসাবে জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড়ের সুযোগ রাখা হয়েছে।
প্রতিষ্ঠানের নির্ধারিত প্রারম্ভিক শ্রেণি থেকে শুরু করে শূন্য আসন থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে কোনো শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জনের বেশি রাখা যাবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষার দিন ও সময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটি নির্ধারণ করবে। একই এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সময়সূচি যাতে সাংঘর্ষিক না হয়, সে জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শ নিতে হবে।
নতুন বিধিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে অভিন্ন নিয়ম চালু এবং বয়স অনুযায়ী শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।