যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক ভয়াবহ ঘটনায় মাটির নিচে চাপা দেওয়া বাক্স থেকে ১১ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ঘটনায় শিশুটির ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার দাদির বাড়ি থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটিকে ছাড়াই বাবাকে আটক করা হয়। এরপর নিখোঁজ শিশুর সন্ধানে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ ও দমকল বিভাগ।
প্রায় ১০০ সদস্যের উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানোর পর সন্দেহভাজনের বাবার বাড়ির কাছের একটি জঙ্গলে পৌঁছায়। সেখানে মাটি খোঁড়ার সাম্প্রতিক চিহ্ন দেখে সন্দেহ হয় তাদের। মাটি সরাতেই একটি বাক্সের ভেতর থেকে শিশুর কান্না শুনতে পান উদ্ধারকারীরা।
লেক্সিংটন কাউন্টি পুলিশের কর্মকর্তা জে কুন জানান, বাক্সটির ওপর প্রায় এক ফুট মাটি দেওয়া ছিল। শিশুটি সেখানে প্রায় ২৪ ঘণ্টা আটকে ছিল বলে ধারণা করা হচ্ছে। বাক্সের ভেতরে তোয়ালে থাকায় সীমিত পরিসরে বাতাস চলাচল সম্ভব হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হলেও চিকিৎসকেরা সুস্থতার বিষয়ে আশাবাদী।
ঘটনার পেছনে পারিবারিক বিরোধের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। আদালতের নথিতে অভিযুক্ত বাবার বিরুদ্ধে অতীতে পারিবারিক সহিংসতার ঘটনায় দায় স্বীকারের তথ্য রয়েছে।
এদিকে শিশুটির দাদি প্যাট্রিসিয়া কোমার জানিয়েছেন, নাতির দেখাশোনার দায়িত্ব তার মায়ের কাছে থাকলেও মাঝেমধ্যে তিনি ছেলের তত্ত্বাবধানে শিশুটিকে রাখতেন। ছেলের কাছ থেকে এমন আচরণ তিনি কখনো প্রত্যাশা করেননি বলে জানিয়েছেন। শিশুটির বাবার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।