স্মার্টফোনের আধুনিক ক্যামেরার ভিড়ে পুরোনো দিনের ছবির প্রতি আগ্রহ বাড়ছে জেন–জি প্রজন্মের। আর সেই প্রবণতায় নতুন করে আলোচনায় এসেছে অ্যাপলের ২০১৩ সালে বাজারে আসা আইফোন ৫সি।
প্রযুক্তিপণ্য কেনাবেচার ওয়েবসাইট কমপেয়ার অ্যান্ড রিসাইকেলের তথ্য অনুযায়ী, গত এক বছরে ‘বাই আইফোন ৫সি’ লিখে অনলাইন অনুসন্ধান বেড়েছে ৪০ হাজার ৫০০ শতাংশ। একই সময়ে ফোনটির ক্যামেরা নিয়ে অনুসন্ধান বেড়েছে ১ হাজার ৮১৫ শতাংশ।
আইফোন ৫সিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আধুনিক ফোনের মতো উন্নত ছবি প্রক্রিয়াকরণ প্রযুক্তি না থাকায় এতে তোলা ছবিতে কিছুটা দানাদার ও পুরোনো দিনের ডিজিটাল ক্যামেরার আবহ পাওয়া যায়। তরুণদের কাছে এই লো-ফাই ছবির ধরনই বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
২০১৩ সালের ২০ সেপ্টেম্বর বাজারে আসা ফোনটির উৎপাদন অবশ্য দুই বছরের মধ্যেই বন্ধ করে দেয় অ্যাপল। বর্তমানে ব্যবহৃত আইফোন ৫সি অনলাইন মার্কেটপ্লেস ইবেতে প্রায় ২০ পাউন্ডে পাওয়া যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পুরোনো প্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহের পেছনে স্মৃতিকাতরতা, ডিজিটাল দুনিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার ইচ্ছা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ কাজ করছে। শুধু পুরোনো আইফোন নয়, তারযুক্ত হেডফোনের মতো প্রযুক্তিপণ্যের প্রতিও নতুন করে আগ্রহ বাড়ছে।