ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী ও শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র এবং ভোটদানের সময়সূচি প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় সম্পৃক্ততার বার্তা দিতেই এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় দলটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ এলাকায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। পঞ্চগড়-১ আসনে উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম সকালে বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নরসিংদী-2 আসনের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

রংপুর-৪ আসনের প্রার্থী ও সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে ভোট দেবেন। নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এছাড়া, ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ নেতাদের সরাসরি ভোটদানের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তৃণমূল নেতাকর্মীদের উৎসাহিত করাই এ তথ্য প্রকাশের মূল উদ্দেশ্য।

