যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য আবদুল আল-সাইয়েদ, মিশিগানে ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রের সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে তিনি এ ঐতিহাসিক অর্জন করেন।
মিশরীয় বংশোদ্ভূত আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা মিশিগানে। পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই রাজনীতিক আগে ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার সিনেট নির্বাচনে জয় পেলেন তিনি।
নির্বাচনী প্রচারে সর্বজনীন স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসন সংকট মোকাবিলা এবং রাজনীতিতে বড় অর্থদাতাদের প্রভাব সীমিত করার প্রতিশ্রুতি দেন আল-সাইয়েদ। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে তাঁর অবস্থান এবং ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সহায়তার সমালোচনা প্রচারে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
প্রচারের সময় তাঁর মুসলিম ও আরব পরিচয় নিয়েও রাজনৈতিক আক্রমণ করা হয়। তবে এসব বিতর্কের মধ্যেও তিনি নিজের পরিচয় আড়াল না করে জনস্বাস্থ্য, অর্থনীতি ও সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দেন।
আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকুর পারিবারিক শিকড় ভারতের কর্ণাটকে। তাঁর আত্মীয়স্বজন সেখানে বসবাস করেন। ফলে এই জয়ে ভারতের ভাটকল শহরেও আনন্দের আবহ তৈরি হয়েছে। স্বজনেরা তাঁকে ভালোবেসে ‘কর্ণাটকের জামাই’ বলে ডাকছেন।
বিশ্লেষকদের মতে, আল-সাইয়েদের জয় মার্কিন রাজনীতিতে মুসলিম ও আরব-আমেরিকানদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি প্রগতিশীল রাজনীতি ও তৃণমূলের সমর্থনের শক্তিও তুলে ধরেছে।



আপনার মতামত লিখুন