২০২৮ সালের নির্বাচনে কাউকে সমর্থন না-ও দিতে পারেন ট্রাম্প
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের কোনো প্রার্থীকে আগাম সমর্থন না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং নির্বাচনী প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত না রাখাই ভালো হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় রোববার সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। পরবর্তী নির্বাচনে তাঁর পছন্দের প্রার্থী কে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে সমর্থন না-ও করতে পারেন, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। এ ক্ষেত্রে দূরে থাকাই তাঁর জন্য ভালো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাইরে আর কারও কথা ভাবছেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন ট্রাম্প। তিনি রুবিওকে দক্ষ ও যোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। এ ছাড়া কয়েকজন সিনেটরের প্রতিও নিজের ইতিবাচক মনোভাবের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
তবে নির্বাচনে সরাসরি কাউকে সমর্থন না দিলেও রিপাবলিকান রাজনীতিতে তাঁর প্রভাব যে এখনো গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। তাঁর মতে, তিনি কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিলে তা নির্বাচনী প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখতে পারে।
এদিকে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয় নিয়েও কথা বলেন ট্রাম্প। কংগ্রেসের দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা হারানোর পেছনে ভুল রাজনৈতিক বার্তাকে দায়ী করেন তিনি। তাঁর মতে, জনগণের কাছে দলের অবস্থান ও অর্জন যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি।
তবে নির্বাচনী ধাক্কা সত্ত্বেও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ নীতির প্রতি আস্থা ধরে রেখেছেন ট্রাম্প। তিনি মনে করেন, শক্তিশালী সীমান্ত, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির মতো বিষয়গুলোই এ রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।
সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তাঁর মতে, এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।
তবে এআই খাতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে ট্রাম্প বলেন, নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হলেও এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যার ফলে যুক্তরাষ্ট্র বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তাঁর বিশ্বাস, এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এ নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।



আপনার মতামত লিখুন