মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনির অভিযোগ, গাড়িতে হামলা ও ভাঙচুরের দাবি
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন তিনি।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হঠাৎ অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক ব্যক্তি উত্তেজিত অবস্থায় চিৎকার শুরু করেন। এ সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।
পরীমনি জানান, পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতে পারছিলেন না। অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে অবস্থান করছিলেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পরিস্থিতি সামাল দিতে গুলশান থানায় ফোন করতেও বাধ্য হন তিনি। তাঁর দাবি, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
লাইভে পরীমনি আরও অভিযোগ করেন, অনুষ্ঠানের স্টল ভাঙচুর করা হয়েছে এবং অন্য শিল্পীরাও হেনস্তার শিকার হয়েছেন।
এ ঘটনার জন্য সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের দায়ী করেন তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান পরীমনি।



আপনার মতামত লিখুন