আসক্তিকর অ্যালগরিদম নিয়ে টিকটকের বিরুদ্ধে ইইউর অভিযোগ, হতে পারে বড় জরিমানা
ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখার মতো অ্যালগরিদম ব্যবহারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইইউর অভিযোগ, টিকটকের ‘ফর ইউ’ ফিডে একের পর এক আকর্ষণীয় ভিডিও দেখানোর কারণে ব্যবহারকারীরা সহজে স্ক্রিন থেকে দূরে থাকতে পারেন না। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ সমস্যা সমাধানে অ্যালগরিদমের নকশা পরিবর্তন, ব্যবহারকারীদের নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানো এবং নিয়মিত কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে কমিশন।
অভিযোগগুলো প্রত্যাখ্যান করে টিকটক জানিয়েছে, কমিশনের প্রাথমিক মূল্যায়নে ভুল তথ্য রয়েছে। ব্যবহারকারীদের কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য প্ল্যাটফর্মে প্রয়োজনীয় সুবিধাও রয়েছে।
ইইউর নির্দেশনা অনুযায়ী পরিবর্তন আনতে ব্যর্থ হলে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। ২০২৫ সালের সম্ভাব্য আয়ের হিসাবে এ জরিমানার পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার হতে পারে।



আপনার মতামত লিখুন