মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ৪০ দিনের সংঘাতে বিভিন্ন দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন ইরানে—যেখানে এইচআরএএনএর হিসাবে ৩ হাজার ৬৩৬ জন এবং আন্তর্জাতিক রেডক্রসের হিসাবে প্রায় ১ হাজার ৯০০ জন প্রাণ হারিয়েছেন।
লেবাননে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। ইরাকে নিহতের সংখ্যা ১১৭ জন। ইসরায়েলে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ২৩ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত ও ৩০০-এর বেশি আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন, কাতার ও কুয়েতে ৭ জন করে নিহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীর ও সিরিয়ায় ৪ জন করে, বাহরাইন, ওমান ও সৌদি আরবে ২ জন করে নিহতের ঘটনা ঘটেছে। উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনাও নিহত হয়েছেন। এদিকে, এই সংঘাতে বিভিন্ন দেশে অবস্থানরত অন্তত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
দীর্ঘ এই সহিংসতার পর অবশেষে সংশ্লিষ্ট পক্ষগুলো দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় পরিস্থিতিতে সাময়িক স্বস্তি ফিরেছে।

