কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের একটি প্যাকেট থেকে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট খাবার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অবহেলার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই খাবার প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।

