নজরবন্দি বাবা, আটক ভাইয়েরা—সৌদি রাজপরিবারে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠলেন মোহাম্মদ বিন সালমান

Date:

Share post:

২০১৫ সালে ফুসফুস ক্যানসারে আক্রান্ত বাদশাহ আবদুল্লাহর মৃত্যু সৌদি আরবের রাজনীতিতে একটি বড় বাঁক এনে দেয়। তাঁর মৃত্যুর পর সিংহাসনে বসেন সৎভাই সালমান বিন আবদুল আজিজ। সিংহাসনে বসেই নতুন বাদশাহ প্রথম যে বড় সিদ্ধান্তটি নেন, তা হলো—৬৮ বছর বয়সী সৎভাই মুকরিন বিন আবদুল আজিজকে যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণা করা।

তবে এই সিদ্ধান্ত স্থায়ী হয়নি। মাত্র তিন মাস পরই বাদশাহ সালমান মুকরিনকে সরিয়ে দেন, এবং তাঁর স্থলাভিষিক্ত হন ৫৫ বছর বয়সী ভাইপো মোহাম্মদ বিন নায়েফ। একই সঙ্গে, সবাইকে চমকে দিয়ে তিনি নিজের মাত্র ২৯ বছর বয়সী ছেলে মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

তখন সৌদি রাজনীতিতে “মোহাম্মদ বিন সালমান” নামটি প্রায় অপরিচিত। দেশের ভেতরে কিংবা বাইরে কেউই খুব একটা জানতেন না এই তরুণ রাজপুত্র সম্পর্কে। অন্যদিকে, মোহাম্মদ বিন নায়েফ ছিলেন বহুদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একটি মুখ। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নায়েফ এফবিআই থেকে নিরাপত্তা প্রশিক্ষণ নিয়েছেন, আর ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শিখেছেন সন্ত্রাস দমন কৌশল। ২০০৯ সালে আত্মঘাতী বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি—যার জন্য দায়ী ছিল আল-কায়েদা। এই ঘটনা তাঁকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তোলে।

কিন্তু মোহাম্মদ বিন সালমান—সংক্ষেপে এমবিএস—শুধু নামেই ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন না। লেখক ডেভিড বি. ওটাওয়ে তাঁর বইয়ে লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পরপরই এমবিএস নিজের পদকে ব্যবহার করতে শুরু করেন “বাদশাহর দরজার প্রহরী” হয়ে ওঠার জন্য। তাঁর লক্ষ্য ছিল একটাই—বাবা বাদশাহ সালমানকে চারপাশের সব প্রভাবশালী ব্যক্তিদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলা এবং রাজপরিবারের ক্ষমতার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া।

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, খুবই সচেতনভাবে এমবিএস তাঁর বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেন পরিবারের পুরোনো উপদেষ্টা, ভাই, এমনকি ঘনিষ্ঠ আত্মীয়দের। এমনকি এমনও দাবি করা হয়—তিনি বাদশাহ সালমানকে তাঁর স্ত্রী, অর্থাৎ এমবিএসের মায়ের সঙ্গেও দেখা করতে দিতেন না, যাতে তাঁর প্রভাব পুরোপুরি সীমাবদ্ধ থাকে।

এই পরিকল্পিত বিচ্ছিন্নতা এবং পিতার ‘প্রহরী’ হয়ে ওঠার মাধ্যমেই ধীরে ধীরে সৌদি রাজনীতির নিয়ন্ত্রণ নিতে থাকেন মোহাম্মদ বিন সালমান। এরপর একে একে যেসব নাটকীয় ঘটনা ঘটেছে—যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করা, রাজপরিবারের শীর্ষ সদস্যদের আটক, এবং বিশাল অঙ্কের ‘দুর্নীতি বিরোধী’ অভিযান—সবই ছিল সেই ক্ষমতা কেন্দ্রীকরণের রোডম্যাপের অংশ।

Related articles

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ...

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...

এসএসসি ও সমমানের ফলে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। এবারের ফলে ৯টি সাধারণ...