হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান জানালেন ঢাকার রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি।
বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখার ক্ষেত্রে ইরানের সরাসরি নিয়ন্ত্রণ বা ভূমিকা নেই। হরমুজ প্রণালিতে সংঘটিত হামলার জন্যও ইরান দায়ী নয় বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, আত্মসমর্পণের শর্তে কোনো সমঝোতায় যাবে না তাঁর দেশ। সংঘাত আরও বাড়লে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এমন পরিস্থিতিতে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন জাহানাবাদি। তাঁর ধারণা, মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হলেও ইরানবিষয়ক মার্কিন নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশের জনগণের মনোভাব তাঁকে সন্তুষ্ট করেছে। সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ সরকারের অবস্থানকে তিনি যুক্তিসংগত বলে মনে করেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতিকে আঞ্চলিক উত্তেজনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূতের দাবি, এসব ঘাঁটি না থাকলে ওই অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলার প্রয়োজন হতো না।



আপনার মতামত লিখুন