বুদ্ধিমান রোবট তৈরিতে চীনের বিপুল বিনিয়োগ, এগিয়ে যাচ্ছে এমবডিড এআই প্রযুক্তি
শুধু হাঁটা, দৌড়ানো কিংবা নাচ নয়, এবার মানুষের মতো চিন্তা করে বিভিন্ন কাজ করতে সক্ষম রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে চীন। এ লক্ষ্য অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা ‘এমবডিড এআই’ খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে দেশটির প্রতিষ্ঠানগুলো।
গবেষণা প্রতিষ্ঠান আইটুজির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের এই খাতের প্রতিষ্ঠানগুলো ৩২২টি চুক্তির মাধ্যমে ৯ হাজার ৩৫০ কোটি ইউয়ান বা প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে।
নতুন প্রযুক্তির মাধ্যমে রোবটকে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিটি কাজের জন্য আলাদা প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন দায়িত্ব পালনে সক্ষম করে তোলার চেষ্টা চলছে। মানুষের কাজের ভিডিও ও কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে তাদের দক্ষতা বাড়ানো হচ্ছে।
চীনের একাধিক প্রতিষ্ঠান ইতিমধ্যে শিল্পকারখানা ও ফার্মেসিতে রোবট ব্যবহার শুরু করেছে। ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএলের একটি কারখানায় স্পিরিট এআইয়ের রোবট নমনীয় তার সংযুক্ত করছে। প্রতিষ্ঠানটির দাবি, এ কাজে সফলতার হার ৯৯ শতাংশের বেশি।
এদিকে যুক্তরাষ্ট্রও একই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। ফলে এমবডিড এআই চীন-যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যে দেশ এআই ও রোবট প্রযুক্তির সবচেয়ে কার্যকর সমন্বয় ঘটাতে পারবে, তারাই এই শিল্পে এগিয়ে থাকবে। তবে রোবটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান নিয়ে উদ্বেগও তৈরি হচ্ছে। অন্যদিকে, মানুষের দৈনন্দিন ও পরিশ্রমসাধ্য কাজ সহজ করার নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে।





আপনার মতামত লিখুন