আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে—তদন্তে এমন তথ্য পেয়েছে পুলিশ। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে ঘটনার পেছনের কারণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি ও ঘটনার বিস্তারিত তুলে ধরবে জেলা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান শনিবার রাতে জানান, পুরো বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তার আগে ঘটনার বিষয়ে বিস্তারিত মন্তব্য না করতে তিনি অনুরোধ করেন।

অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোনটি সঙ্গে নিয়ে কোটবাড়ির গন্ধমতি এলাকার বাসা থেকে বের হয়েছিল সে। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
তদন্তে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সঙ্গে থাকা আইফোনটির কারণেই অপ্রতিম হত্যার শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার পূর্ণ বিবরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে আজকের সংবাদ সম্মেলনেই বিস্তারিত জানানো হবে।

