চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় স্টুডিওর আসবাব ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার রাতে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত তাঁর স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে স্টুডিওর ভেতরের ভাঙচুরের চিত্র তুলে ধরেন তিনি।
ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ও ক্ষতিগ্রস্ত জিনিসপত্র। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বেশ কিছু আসবাব ও সরঞ্জাম নষ্ট হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, হামলার ঘটনায় তাঁর স্টুডিও প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশে স্বাভাবিক হয়ে গেছে—এমন বার্তা দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করেছেন।
ঘটনার কারণ সম্পর্কে সালমানের ভাষ্য, হামলাকারীরা সম্ভবত জানতেন না জায়গাটি তাঁর স্টুডিও। তাঁর ধারণা, ওই প্রপার্টির মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। মালিকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে গিয়ে তাঁর স্টুডিওও হামলার শিকার হয়েছে বলে তিনি মনে করছেন।
ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সালমান মুক্তাদির। ভিডিওতে তিনি বলেন, এই ঘটনার পর তিনি আরও বড় কিছু করার চেষ্টা করবেন।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা ও সংশ্লিষ্ট পুলিশ জোনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

