রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার আগে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্নাকে আদালতে আনা হয় এবং কিছুক্ষণ পর প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেলকে হাজতখানায় নেওয়া হয়। পরে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে এজলাসে তোলা হয়।

এর আগে ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়। মাত্র চার কার্যদিবসে মামলার বিচারকাজ সম্পন্ন হয়ে নজিরবিহীন গতিতে রায় ঘোষণা করা হলো। গত ১ জুন অভিযোগ গঠন, ২ জুন সাক্ষ্যগ্রহণে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি গ্রহণ এবং ৩ জুন আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও আদালত প্রমাণের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

