পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

Date:

Share post:

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসানুর রহমান নিখোঁজ রয়েছেন।

নিহত মাহাবুর রহমানের বয়স ৫৫ বছর। তিনি চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্র ও পুলিশের কাছ থেকে জানা গেছে, বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়াকে কেন্দ্র করে হাসানুরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাকসাম গ্রামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে কাজকর্ম না করায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

এ পরিস্থিতিতে শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। তাঁদের সঙ্গে হাসানুরের কথা-কাটাকাটি হয়। তিনি তাঁদের ঘরে বসানো কিংবা খাবারের ব্যবস্থা করতেও রাজি হননি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় রাতে আবারও বাবা-ছেলের মধ্যে বিরোধ বাধে। রাত প্রায় ৯টার দিকে মাহাবুর ছেলেকে শাশুড়িকে সঙ্গে নিয়ে খাবার খেতে বলেন। হাসানুর এতে আপত্তি করলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মাহাবুর ছেলেকে চড় মারেন বলে অভিযোগ রয়েছে। এরপর হাসানুর একটি ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় মাহাবুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানিয়েছেন, ঘটনার পর থেকে হাসানুর পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related articles

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...

মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো...

রেকর্ড উষ্ণতার পথে ২০২৬, সামনে সুপার এল নিনোর শঙ্কা

বিশ্বের জলবায়ু ব্যবস্থায় উষ্ণতার চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর সম্ভাবনা নতুন...

চেয়ারের চেয়েও সরু গাড়ি, গিনেস রেকর্ডে মারাজ্জি

ঘরের দরজা পেরিয়ে ভেতরে ঢুকিয়ে রাখা যাবে একটি গাড়ি—শুনতে অস্বাভাবিক লাগলেও বাস্তবে এমনই একটি যান বানিয়েছেন ইতালির গাড়ির...