অপেক্ষার অবসান হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সময়ে অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজ নিজ শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে পারবে। ফলে ফল জানতে পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
অনলাইনে ফল পেতে যা করতে হবে
ইন্টারনেটের মাধ্যমে ফল দেখতে পরীক্ষার্থীকে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে। ফলাফল পাওয়া যাবে www.eboardresults.gov.bd – Education Board Result এবং www.educationboardresults.gov.bd ssc result 2026 …
-এ।
ওয়েবসাইটে ঢোকার পর পরীক্ষার ধরন হিসেবে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর হিসেবে 2026 এবং নিজের শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত ক্যাপচা পূরণ করে Submit করলে পর্দায় পরীক্ষার্থীর ফলাফল দেখা যাবে।

মোবাইলেই মিলবে ফল
ইন্টারনেট ব্যবহার করতে না পারলেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।
এসএসসি পরীক্ষার্থীদের মেসেজের ফরম্যাট হবে:
SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2026
উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল 123456 হলে লিখতে হবে:
SSC DHA 123456 2026
এরপর মেসেজটি 16140 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। 16222 নম্বরের মাধ্যমেও এসএমএসে ফল জানার ব্যবস্থা রয়েছে।
দাখিল পরীক্ষার্থীদের জন্য আলাদা নিয়ম
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের ফল পেতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে তথ্য লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
ফরম্যাট:
Dakhil MAD 123456 2026
ফল প্রকাশের সময় প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।
কারিগরি বোর্ডের ফল যেভাবে জানবেন
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসে ফল জানতে মেসেজে লিখতে হবে:
SSC TEC 123456 2026
এই মেসেজ পাঠাতে হবে 16222 নম্বরে। এরপর ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলও মিলবে অনলাইনে
শুধু ব্যক্তিগত ফল নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফলাফলও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।
EIIN নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজাল্ট শিট পাওয়া যাবে এবং সেটি ডাউনলোড করা যাবে। শিক্ষার্থীরাও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে।
তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা কার্যালয়ে গিয়ে ফলাফল পাওয়ার ব্যবস্থা থাকবে না।
১১ বোর্ডে পরীক্ষার্থী প্রায় ১৯ লাখ
এবারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
আগামীকাল সকাল ১০টায় ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো ওয়েবসাইট, এসএমএস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

