স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও এতে সংরক্ষিত থাকে। ফলে ফোন হারানো বা চুরি হওয়ার ঘটনা শুধু একটি ডিভাইস হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়—সঙ্গে থাকা সংবেদনশীল তথ্যও ঝুঁকিতে পড়ে। তবে কিছু নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই করে রাখলে ফোন হারানোর পর ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব।
১. ফোন খোঁজার সুবিধা আগে থেকেই চালু করুন
আইফোনে ‘Find My’ এবং অ্যান্ড্রয়েডে ‘Find Hub’ চালু থাকলে হারানো ডিভাইসের অবস্থান শনাক্ত করার সুযোগ থাকে। প্রয়োজন অনুযায়ী ফোন লক করা বা কিছু ক্ষেত্রে দূর থেকে ডেটা মুছে ফেলার ব্যবস্থাও করা যায়। তাই ফোন হারানোর পর নয়, ব্যবহার করার সময়ই সেটিংস পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত যে এসব সুবিধা সক্রিয় রয়েছে।
২. শক্তিশালী পাসকোড ব্যবহার করুন
ফেস আনলক বা ফিঙ্গারপ্রিন্ট থাকলেও পাসকোডের গুরুত্ব কমে যায় না। সহজে অনুমান করা যায় এমন সংখ্যা, জন্মতারিখ বা ধারাবাহিক সংখ্যা ব্যবহার না করাই নিরাপদ। জনসমাগমের জায়গায় ফোন আনলক করার সময়ও সতর্ক থাকতে হবে, কারণ কেউ পাসকোড দেখে ফেললে ফোন চুরির পর সেটি অপব্যবহারের ঝুঁকি বাড়ে। আইফোনে ‘Stolen Device Protection’ চালু রাখলে অপরিচিত জায়গায় ফোন ও পাসকোড অন্যের হাতে চলে গেলেও নির্দিষ্ট সংবেদনশীল কাজের ক্ষেত্রে অতিরিক্ত বায়োমেট্রিক যাচাই প্রয়োজন হতে পারে।
৩. লক স্ক্রিনে সংবেদনশীল নোটিফিকেশন বন্ধ রাখুন
ফোন আনলক না করেও অনেক সময় নোটিফিকেশনের মাধ্যমে বার্তা, ভেরিফিকেশন কোড বা আর্থিক লেনদেনের তথ্য দেখা যায়। তাই লক স্ক্রিনে কোন ধরনের নোটিফিকেশন প্রকাশ পাবে, সেটি সেটিংস থেকে নির্ধারণ করা জরুরি। বিশেষ করে ওটিপি, পাসওয়ার্ড রিসেট কোড কিংবা ব্যক্তিগত বার্তার মতো তথ্য যেন ফোন হাতে পাওয়া ব্যক্তি সরাসরি দেখতে না পারে, সেদিকে নজর দিতে হবে।

৪. সংবেদনশীল অ্যাপগুলোতে বাড়তি সুরক্ষা দিন
ব্যাংকিং বা এমএফএস অ্যাপের পাশাপাশি ই-মেইল, পাসওয়ার্ড ম্যানেজার ও অথেনটিকেটর অ্যাপও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এসব অ্যাকাউন্টের মাধ্যমে অন্য অনেক সেবায় প্রবেশ বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। ফোনে অ্যাপ লক বা প্রাইভেট স্পেসের সুবিধা থাকলে গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবহার করা যেতে পারে।
৫. সিম ও ফোন নম্বরের বিকল্প ব্যবস্থা জানুন
ফোন নম্বর অনেক অ্যাকাউন্টে ওটিপি ও পরিচয় যাচাইয়ের কাজে ব্যবহৃত হয়। তাই ফোন হারালে দ্রুত সিম বন্ধ করা, একই নম্বরে নতুন সিম নেওয়া বা অপারেটরের সহায়তা পাওয়ার প্রক্রিয়া আগে থেকেই জেনে রাখা ভালো। সিম পিন ব্যবহার করতে চাইলে সেটি সক্রিয় করার আগে পিন ভুলে গেলে কীভাবে পুনরুদ্ধার করা যায়, সেই পদ্ধতিও জানা প্রয়োজন।
৬. প্রয়োজনীয় ডেটার নিয়মিত ব্যাকআপ রাখুন
ডিভাইস হারিয়ে গেলে নতুন ফোন কেনা সম্ভব হলেও হারিয়ে যাওয়া ছবি, ভিডিও, পরিচিতি বা নথি সবসময় ফিরিয়ে আনা যায় না। তাই গুরুত্বপূর্ণ ডেটার জন্য স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ চালু রাখা উচিত। শুধু ব্যাকআপ অন আছে কি না তা নয়, সর্বশেষ কবে ব্যাকআপ হয়েছে সেটিও মাঝে মাঝে পরীক্ষা করা দরকার।
৭. ফোন ছাড়া অ্যাকাউন্টে প্রবেশের পথ তৈরি রাখুন
ফোন চুরি হওয়ার পর অন্য ডিভাইস থেকে অ্যাপল বা গুগল অ্যাকাউন্টে প্রবেশের প্রয়োজন হতে পারে। কিন্তু যদি পাসওয়ার্ড, রিকভারি কোড বা অন্য যাচাইকরণ পদ্ধতি শুধু হারানো ফোনের মধ্যেই থাকে, তাহলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার কঠিন হয়ে যেতে পারে। তাই বিকল্প রিকভারি পদ্ধতি সক্রিয় রাখুন এবং গুরুত্বপূর্ণ রিকভারি কোড ফোনের বাইরে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।
৮. আইএমইআই নম্বর আলাদা করে রাখুন
ফোনের আইএমইআই নম্বর হারানো ডিভাইস শনাক্তকরণ বা প্রয়োজনীয় রিপোর্টের ক্ষেত্রে কাজে লাগতে পারে। সাধারণত ফোনের বাক্স, ক্রয়ের কাগজপত্র বা সংশ্লিষ্ট নথিতে নম্বরটি পাওয়া যায়। তাই ফোন হারানোর আগেই আইএমইআই নম্বরটি লিখে নিরাপদ কোনো স্থানে সংরক্ষণ করা ভালো। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিছু ক্ষেত্রে Find Hub-এর মাধ্যমেও এটি দেখতে পারেন।
৯. আর্থিক অ্যাকাউন্টের জন্য জরুরি পরিকল্পনা রাখুন
একটি স্মার্টফোনে এখন ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস, কার্ড, ডিজিটাল ওয়ালেট ও অন্যান্য আর্থিক সেবা পরিচালিত হয়। তাই ফোন হারানোর পর কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজন হলে কোন সেবা সাময়িকভাবে বন্ধ করতে হবে—এসব তথ্য আগে থেকেই জানা উচিত। একই সঙ্গে ফোনের নোটস বা অন্য কোনো অনিরাপদ জায়গায় ব্যাংক পাসওয়ার্ড, কার্ডের তথ্য কিংবা গুরুত্বপূর্ণ লগইন তথ্য লিখে রাখা থেকে বিরত থাকতে হবে।

