ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

Date:

Share post:

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত পাঁচ মাসের যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির জন্য ইরান যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। তিনি ইরানের এই দাবিকে ‘আকর্ষণীয় ধারণা’ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। ভবিষ্যতে ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে তিনি তাঁর প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প ২০০০ সালে ইয়েমেনের এডেন বন্দরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ চালানো বোমা হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় ১৭ জন মার্কিন নাবিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। এ ছাড়া ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হামলা ও সংঘাতে নিহত এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনার কথা বলেন তিনি। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহত নাবিকদের পরিবার এবং বিভিন্ন যুদ্ধে নিহত আরও হাজারো মানুষের পরিবার রয়েছে। ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট হামলাগুলোকেও ক্ষতিপূরণের দাবির আওতায় রাখার কথা জানান ট্রাম্প।

এ ছাড়া গত ৫০ বছরে ইরানে বিক্ষোভে নিহত ব্যক্তিদের পরিবার এবং গত পাঁচ মাসের যুদ্ধে নিহত ৫২ হাজার মানুষের পরিবারের জন্যও ক্ষতিপূরণ দাবি করার কথা বলেন তিনি।

এর এক দিন আগে ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ নিয়ে তাঁর অবস্থান কিছুটা নমনীয় করছেন। তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পরিবর্তে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে তিনি আগ্রহী।

অন্যদিকে, ভবিষ্যৎ শান্তি আলোচনার ক্ষেত্রে ইরানও কয়েকটি শর্ত জানিয়েছে। দেশটির দাবি, গত কয়েক মাসের যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরত দিতে হবে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আরও জানিয়েছে, আঞ্চলিক আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হলে ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জব্দ করা সম্পদ এবং হরমুজ প্রণালির মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...